hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৮৪

স্ত্রী ও সন্তান-সন্ততি

হযরত আবূ বকর সিদ্দীক (রা)-এর প্রথম স্ত্রীর নাম ছিলো কাতীলাহ্ বিন্‌ত আবদুল উযায়রী (রা)। তারই গর্ভে প্রথমে আবদুল্লাহ ইব্‌ন আবূ বকর (রা), তারপর আসমা বিন্‌ত আবূ বকর [আবদুল্লাহ্ ইব্‌ন যুবায়র (রা)-এর মা]-এর জন্ম হয়। হযরত আবূ বকর (রা)-এর দ্বিতীয় স্ত্রীর নাম ছিলো উম্মে রূমান। তাঁর গর্ভে জন্মগ্রহণ করেন আবদুর রহমান ইব্‌ন আবূ বকর (রা) এবং হযরত আয়িশা সিদ্দীকা (রা)।

যখন হযরত আবূ বকর (রা) ইসলাম গ্রহণ করেন, তখন তাঁর প্রথমা স্ত্রী ইসলাম গ্রহণ করতে অস্বীকার করেন। তাই তিনি তাকে তালাক প্রদান করেন। দ্বিতীয় স্ত্রী উম্মে রূমান ইসলাম গ্রহণ করেন। মুসলমান হওয়ার পরও হযরত আবূ বকর (রা) দু’টি বিবাহ করেন। ওদের একজনের নাম ছিল আসমা বিন্‌ত উমায়স (রা)। তিনি ছিলেন জা‘ফর ইব্‌ন আবূ তালিব (রা)-এর বিধবা স্ত্রী। তার গর্ভে জন্ম গ্রহণ করেন মুহাম্মদ ইব্‌ন আবূ বকর (রা)। তাঁর অপর স্ত্রী ছিলেন খাযরাজ গোত্রের হাবীবা বিন্‌ত খারীজাহ্ আনসারিয়া (রা)। হযরত আবূ বকর (রা)-এর ইন্তিকালের পর তাঁরই গর্ভে কুলছুম নাম্নী একটি মেয়ের জন্ম হয়।