hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৯

ইতিহাসের ইতিহাস

বাবেল ও নিনোভার ধ্বংসাবশেষ, নজদের মরুভূমিতে ‘আদ ইরামের স্তম্ভরাশি, মিসরের পিরামিড ও নারীমূর্তিসমূহ দর্শনে স্বভাবতই মানুষের মনে এগুলোর নির্মাতাদের সম্পর্কে জানবার কৌতূহল জন্মে। অনেকে বাবেলীয়দের ইতিহাস রচনায় প্রবৃত্ত হয়েছেন এবং নিজেদের অপরিপক্ক বুদ্ধিবিবেচনা খাটিয়ে অনেকে বর্ণনাও সংকলিত করেছেন। অত্যাশ্চর্য ধরনের লিপিমালা এবং মিসরীয় সংকেতসমূহ অবলম্বনে পিরামিড নির্মাতাদের ইতিহাস লিপিবদ্ধ করা যেতে পারে।

যেন্দাবেস্তা, দসাতির, সফর, বর্তমানে বিদ্যমান আসমানী কিতাবাদি এবং বাইবেল, বাল্মিকীর রামায়ণ, মহাভারত প্রভৃতি এমন সব গ্রন্থ যেগুলো সম্পর্কে ভুল শুদ্ধ কিছু না কিছু ইতিহাস জানা যায়। প্রত্যেক ভাষার বাকবিধি, প্রবাদবাক্য, প্রস্তরনির্মিত অস্ত্রশস্ত্র, লৌহনির্মিত যন্ত্রপাতি, স্বর্ণ-রৌপ্য ও তাম্রনির্মিত গহনাপত্র, প্রস্তরমূর্তি, মিসরের মমিকৃত সুসংরক্ষিত শবদেহসমূহ, অশোকের স্তম্ভসমূহ, রুস্তমের সিংহাসন, চীনের মহাপ্রাচীর প্রতি নিঃসন্দেহে কৌতূহলোদ্দীপক ও আকর্ষণীয় এবং এগুলোর দ্বারা সামগ্রিকভাবে গোটা বিশ্বের ইতিহাস যদিও অবগত হওয়া নাও যায়, তবুও এগুলোর দ্বারা ইতিহাসের উপর বেশ কিছু আলোকপাত হয়, তাতে কোন সন্দেহ নেই। ভারতীয়দের সত্য মিথ্যা কাহিনীসমূহ, মিসরীয়দের প্রাচীন শিলালিপিসমূহ, চীনাদের প্রাচীন লোক কাহিনীসমূহ, পারসিকদের প্রাচীন ইমারতসমূহের ধ্বংসাবশেষ, গ্রীকদের লিপিসমূহ বিশেষত হিরোডোটাসের রচনা, ইসরাঈলী রিওয়ায়াতসমূহ, প্রভৃতি মিলিয়ে ইতিহাসের অপরিহার্য এবং প্রাথমিক উপাদান।