hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩০৭

বাহরাশীর বিজয়

বাহরাশীর মাদায়েনের নিকটবর্তী একটি স্থানের নাম। সেখানে একটি দুর্ভেদ্য দুর্গ ও একটি শহর ছিল। বাহরাশীরে শাহী বডিগার্ডের একটি দুর্দান্ত অশ্বারোহী দল এবং রাজধানীর নিরাপত্তা রক্ষার্থে একটি বিরাট রক্ষীবাহিনী মোতায়েন ছিল। দজলা নদী মাদায়েন ও বাহরাশীরকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল। দজলার এ পারে ছিল বাহরাশীর এবং ওপারে ছিল মাদায়েন। ইরানের শাহানশাহ কখনো কখনো বাহরাশীরেও বসবাস করতেন। তাই সেখানেও শাহী দরবার ও শাহী কাজ-কারবার বিদ্যমান ছিল। যাহোক, ইসলামী বাহিনী কূছী থেকে অগ্রসর হয়ে বাহরাশীর পৌঁছা পর্যন্ত বেশ কয়েক জায়গায় ইরানীদের মুখোমুখি হয় এবং তাদেরকে পরাজিত ও পর্যুদস্ত করে সামনের দিকে এগিয়ে যায়। শেষ পর্যন্ত মুসলিম বাহিনী বাহরাশীর অবরোধ করে এবং এ অবরোধ তিন মাস পর্যন্ত অব্যাহত থাকে। অবশেষে ইরানীরা বাধ্য হয়ে মুসলমানদের মুকাবিলা করতে মনস্থ করে এবং দুর্গ থেকে বেরিয়ে আসে। সংঘর্ষ শুরু হয় এবং কিছুক্ষণের মধ্যেই অনেক ইরানী নিহত হয় এবং অবশিষ্টরা পালিয়ে যায়। এবার ইসলামী বাহিনী বিজয়ী বেশে বাহরাশীরে প্রবেশ করে। বাহরাশীর বিজিত হওয়ার সাথে সাথে ইয়ায্‌দেজিরদ মাদায়েন থেকে পালিয়ে যেতে মনস্থ করেন এবং সেখানকার ধন-সম্পত্তিও সরিয়ে ফেলার উদ্যোগ নেন। আর ধন-সম্পদসহ ইয়ায্‌দেজিরদ যদি মাদায়েন থেকে পালিয়ে যেতে সক্ষম হন তাহলে তো মুসলমানদের বিপদাশংকা পূর্বের মতই থেকে যায়।