hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০০

অধ্যায়- ৪ : ওমরার বিবরণ

ওমরার শাব্দিক অর্থ হলো, যিয়ারত বা পরিদর্শন করা। অর্থাৎ ইবাদাত পালনের উদ্দেশ্যে বাইতুল্লাহ পরিদর্শন করা। পরিভাষায় ওমরা হলো, আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে রাসূলুল্লাহ (সাঃ) এর শেখানো পদ্ধতি অনুযায়ী কা‘বাঘর তাওয়াফ করা, সাফা-মারওয়ায় দৌড়ানো এবং মাথামুন্ডন করা বা ছাটানো।

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। নবী (সা:) বলেন, ‘‘একবার ওমরা করার পর আবার ওমরা করলে তা দুই ওমরার মধ্যবর্তী গুনাহসমূহের কাফ্ফারাহ হয়ে যায়। আর হজ্জে মাবরুরের বিনিময় হচ্ছে জান্নাত।’’ (সহীহ বুখারী, হা/১৬৮৩)

আল্লাহর সন্তুষ্টির জন্য ওমরা করার নির্দেশ :

وَاَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلّٰهِ

তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ্জ ও ওমরা পালন করো। (সূরা বাক্বারা- ১৯৬)

ওমরার বিধান :

اِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَآئِرِ اللهِۚ فَمَنْ حَجَّ الْبَيْتَ اَوِ اعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيْهِ اَنْ يَّطَّوَّفَ بِهِمَاؕ وَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَاِنَّ اللهَ شَاكِرٌ عَلِيْمٌ

নিশ্চয় ‘সাফা’ ও ‘মারওয়া’ আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত। অতএব যে ব্যক্তি এই ঘরে হজ্জ অথবা ওমরা করার জন্য আগমন করবে, তার জন্য এ দু’টিকে তাওয়াফ করাতে দোষের কিছু নেই। আর যদি কেউ স্বেচ্ছায় সৎকর্ম করে, তবে আল্লাহ (তাদের ব্যাপারে) কৃতজ্ঞ ও সর্বজ্ঞ। (সূরা বাক্বারা- ১৫৮)