hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২০

পর্ব- ১৩ : খিলাফত

ইসলাম পূর্ণাঙ্গ জীবনবিধান। যেমনিভাবে সহীহ আকীদা ও বিশুদ্ধ আমল জরুরি অনুরূপভাবে রাষ্ট্রনীতি ও সমাজনীতির ক্ষেত্রেও ইসলামী অনুশাসন মেনে চলা আবশ্যক। রাষ্ট্রব্যবস্থাও ধর্মের অন্তর্ভুক্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইসলামী রাষ্ট্র একটি আদর্শভিত্তিক দ্বীনি রাষ্ট্র। ইসলামী রাষ্ট্রের অন্যতম মূলনীতি হল, এ বিশ্ব আল্লাহর এবং সৃষ্টিও তাঁরই। কাজেই শাসনব্যবস্থা প্রণয়ন ও প্রবর্তনের অধিকারও তাঁর। আল্লাহর শাসনব্যবস্থা মেনে তাঁরই অনুগত হয়ে জীবন-যাপনের মধ্যেই মানুষের যথার্থ কল্যাণ নিহিত রয়েছে। সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ তা‘আলা এবং বিধানদাতাও তিনিই। ইসলামী রাষ্ট্রে এমন কোন আইন ও বিধান প্রণয়ন ও রচনা করা যাবে না, যা কুরআন-সুন্নাহর পরিপন্থী। হুকুমতের মূল মালিক আল্লাহ তা‘আলা। তিনিই মানুষের প্রতি রাষ্ট্র পরিচালনার গুরু দায়িত্ব অর্পণ করেছেন। মানুষের উপর অর্পিত এ দায়িত্ব একটি পবিত্র আমানত। ইসলামী রাষ্ট্রের লক্ষ্য ও উদ্দেশ্য হল, এমন একটি সমাজ গঠন করা যেখানে সকল মানুষ জীবনের সর্বক্ষেত্রে বিশ্বস্রষ্টা আল্লাহর বিধানের একনিষ্ঠ অনুগামী হবে।