hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৪৪

২. নূহ (আঃ)

নূহ (আঃ) কে আল্লাহ তা‘আলা ইরাকের মূছেল নগরীতে রাসূল হিসেবে প্রেরণ করেছিলেন। তিনি সাড়ে নয়শ’ বছর বয়স পেয়েছিলেন। পঞ্চাশ বছর বয়সে নুওয়াত পান এবং অবশিষ্ট নয়শত বছর দাওয়াতী কার্যক্রম চালিয়ে যান। তাঁর এই দীর্ঘ বয়সপ্রাপ্ত হওয়াটা ছিল আল্লাহর পক্ষ হতে একটি মু‘জিযা। কেননা আদম (আঃ) এর পর থেকে অন্য কেউ এত দীর্ঘ বয়সপ্রাপ্ত হয়নি। কিন্তু তাঁর দাওয়াতে খুব অল্প সংখ্যক লোকই সাড়া দিয়েছিল। এ সুদীর্ঘ দাওয়াতী জীবনে তিনি যেমন কখনো চেষ্টায় কোন ত্রুটি করেননি, তেমনি কখনো নিরাশও হননি। সম্প্রদায়ের পক্ষ হতে নানাবিধ নির্যাতনের সম্মুখীন হয়েও তিনি ধৈর্যধারণ করতেন। নূহ (আঃ) এর চারজন পুত্র ছিল। যাদের নাম ছিল- সাম, হাম, ইয়াফিছ ও ইয়াম অথবা কেনান। এদের মধ্যে প্রথম তিন জনই ঈমান এনেছিলেন, কিন্তু শেষোক্ত জন ঈমান আনতে অস্বীকার করেছিল। যার কারণে নূহ (আঃ) এর যুগে সংগঠিত মহাপ্লাবনের সময় অন্যান্য কাফিরদের সাথে সেও ভেসে যায়। যেহেতু এ প্লাবনের পর বিশ্বে আর কোন মানুষ জীবিত ছিল না এবং পরবর্তী বংশধারা নূহ (আঃ) থেকেই শুরু হয়েছিল, তাই তিনি দ্বিতীয় আদম অথবা মানবজাতির দ্বিতীয় পিতা হিসেবেও পরিচিত।