hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৭০

অধ্যায়- ১১ : খুলা করার বিধান

শরীয়াতের পরিভাষায় ‘খুলা’ তালাক বলা হয়, স্বামীর কাছ থেকে কোনকিছুর বিনিময়ে নিঃস্বার্থভাবে তালাক আদায় করে নেয়া। এ ব্যাপারে স্বামী-স্ত্রীর মধ্যে ঘরোয়াভাবে যদি কিছু স্থির হয়ে যায়, তাহলে তা-ই কার্যকর হবে। কিন্তু ব্যাপারটি যদি আদালত পর্যন্ত গড়ায়, তাহলে আদালত কেবল এতটুকু অনুসন্ধান করবে যে, এ মহিলা তার স্বামীর প্রতি যথার্থই এত বেশি বিরূপ হয়ে পড়েছে কি না, যার ফলে তাদের দু’জনের এক সাথে ঘর-সংসার করা কোনক্রমেই সম্ভব নয়। এ ব্যাপারে সঠিক অনুসন্ধান চালিয়ে নিশ্চিত হওয়ার পর আদালত অবস্থার প্রেক্ষিতে যে কোন বিনিময় নির্ধারণ করার ক্ষমতা রাখে। এ বিনিময় গ্রহণ করে স্বামী অবশ্যই স্ত্রীকে তালাক দেবে। ‘খুলা’ তালাক ‘রেজঈ’ নয়; বরং ‘বায়েন’ তালাক। যেহেতু স্ত্রী মূল্য দিয়ে এক অর্থে তালাকটি কিনে নিয়েছে, তাই এ তালাকের পর আবার রুজু তথা ফিরিয়ে নেয়ার অধিকার স্বামীর থাকে না। তবে আবার যদি তারা পরস্পরের প্রতি সন্তুষ্ট হয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়, তাহলে এমনটি করা তাদের জন্য বৈধ।

فَاِنْ خِفْتُمْ اَلَّا يُقِيْمَا حُدُوْدَ اللهِ فَلَا جُنَاحَ عَلَيْهِمَا فِيْمَا افْتَدَتْ بِهٖؕ تِلْكَ حُدُوْدُ اللهِ فَلَا تَعْتَدُوْهَاۚ وَمَنْ يَّتَعَدَّ حُدُوْدَ اللهِ فَاُولٰٓئِكَ هُمُ الظَّالِمُوْنَ

তবে যদি স্বামী-স্ত্রী উভয়ই আশঙ্কা করে যে, তারা আল্লাহর সীমারেখা ঠিক রাখতে পারবে না, সে অবস্থায় স্ত্রী যদি বিনিময় দিয়ে মুক্ত হতে চায় তবে কোন গোনাহ হবে না। এগুলো আল্লাহর সীমারেখা, সুতরাং তোমরা তা লঙ্ঘন করো না। আর যারা আল্লাহর সীমা অতিক্রম করবে তারা অত্যাচারীদের অন্তর্ভুক্ত হবে। (সূরা বাক্বারা- ২২৯)