hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬১১

অধ্যায়- ৩৯ : বনু কুরাইযার যুদ্ধ

বনু কুরাইযা ছিল মদিনার ইয়াহুদিদের এক প্রভাবশালী গোত্র। খন্দকের যুদ্ধে এ গোত্রটি পৌত্তলিক, কুরাইশ ও বেদুঈনদের সঙ্গে মিলিত হয়ে ত্রিশক্তির সংঘ দেয় এবং ইসলামকে নিশ্চিহ্ন করার সকল প্রকার ষড়যন্ত্র করে। কিন্তু ত্রি-শক্তি সংঘের শোচনীয় পরাজয়ের পর মুহাম্মাদ ﷺ এ বিশ্বাসঘাতক বনু কুরাইযাকে সমুচিত শিক্ষা প্রদানের জন্য মদিনা ত্যাগ করতে আদেশ দিলেন। কিন্তু তারা এ আদেশ অমান্য করে। ফলে তাদের দুর্গ অবরোধ করা হয়। অতঃপর যখন তারা আত্মসমর্পণ করে, তখন রাসূল ﷺ ইয়াহুদিদের ইচ্ছানুযায়ী আওস গোত্রের দলপতি সাদ বিন মুয়াজ (রাঃ) এর উপর বিশ্বাসঘাতকতার অপরাধের বিচারভার ন্যসত্ম করেন। তাঁর বিচারে ইসলামের বিরোধিতাকারী ইয়াহুদিদের প্রায় ২৫০ জন ব্যক্তিকে প্রাণদন্ড দেয়া হয় এবং নারী ও শিশুদেরকে দাসদাসীতে পরিণত করা হয়।

শত্রুদেরকে তাদের দুর্গ থেকে বের করে আনা হয় :

وَاَنْزَلَ الَّذِيْنَ ظَاهَرُوْهُمْ مِّنْ اَهْلِ الْكِتَابِ مِنْ صَيَاصِيْهِمْ وَقَذَفَ فِيْ قُلُوْبِهِمُ الرُّعْبَ

আহলে কিতাবের মধ্যে যারা মুশরিকদেরকে সাহায্য করেছিল, আল্লাহ তাদেরকে তাদের দুর্গসমূহ থেকে নামিয়ে দিলেন এবং তাদের অন্তরে ভীতি সঞ্চার করলেন। (সূরা আহযাব- ২৬)

কতককে হত্যা করা হয় এবং কতককে বন্দী করা হয় :

فَرِيْقًا تَقْتُلُوْنَ وَتَاْسِرُوْنَ فَرِيْقًا

তোমরা তাদের একদলকে হত্যা করেছ এবং একদলকে গ্রেফতার করেছ। (সূরা আহযাব- ২৬)

তাদের সকল ধনসম্পদ মুসলিমদের হাতে চলে আসে :

وَاَوْرَثَكُمْ اَرْضَهُمْ وَدِيَارَهُمْ وَاَمْوَالَهُمْ وَاَرْضًا لَّمْ تَطَئُوْهَا وَكَانَ اللهُ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرًا

আর তিনি তোমাদেরকে উত্তরাধিকারী করে দিলেন তাদের জমিন, বাড়িঘর, ধনসম্পদ এবং এমন জমিনের, যার উপর তোমরা এখনো পা রাখনি। কিন্তু আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। (সূরা আহযাব- ২৭)