hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৯৭

অধ্যায়- ২৫ : বদরের যুদ্ধ

মদিনা থেকে ৮০ মাইল দক্ষিণ-পশ্চিমে বদর উপত্যকায় ১৩ মার্চ ৬২৪ খ্রিস্টাব্দ মুতাবেক দ্বিতীয় হিজরী ১৭ই রমাযান শুক্রবার দিন মুসলিম বাহিনীর সঙ্গে কুরাইশদের সংঘর্ষ হয়। এ যুদ্ধে মুসলিমদের সৈন্য সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন, যা শুধুমাত্র আনসার ও মুহাজিরদের নিয়ে গঠিত হয়েছিল। আর এ যুদ্ধের নেতৃত্ব তথা যুদ্ধ পরিচালনার জন্য সেনাপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন স্বয়ং আল্লাহর রাসূল ﷺ। অপরদিকে কুরাইশ বাহিনীর সৈন্যসংখ্যা ছিল এক হাজার, যার সেনাপতি ছিল আবু জাহেল। যুদ্ধের প্রথমেই আবু জাহেলের নেতৃত্বে কুরাইশরা মুসলিমদের উপর ঝাঁপিয়ে পড়ে। তারা মুসলিমদের উপর প্রচন্ড আক্রমণ চালাতে থাকে, কিন্তু সুশৃঙ্খল মুসলিম বাহিনীর মুকাবিলা করা কুরাইশদের পক্ষে সম্ভবপর হয়ে উঠেনি। মুসলিম বাহিনী কুরাইশদেরকে শোচনীয়ভাবে পরাজিত করে। বদর যুদ্ধে মহান আল্লাহ হাজার হাজার ফেরেশতা পাঠিয়ে মুসলিম বাহিনীকে সাহায্য করেন। এ যুদ্ধে ৭০ জন কুরাইশ সৈন্য নিহত হয় ও ৭০ জন সৈন্য বন্দি হয়। অপরদিকে এ যুদ্ধে ১৪ জন মুসলিম সৈন্য শাহাদাতবরণ করেন। আর এ যুদ্ধেই মুসলিমদের সবচেয়ে বড় শত্রু আবু জাহেল লাঞ্ছনার সাথে নিহত হয়।

যুদ্ধের ভবিষ্যদ্বাণী :

اَمْ يَقُوْلُوْنَ نَحْنُ جَمِيْعٌ مُّنْتَصِرٌ – سَيُهْزَمُ الْجَمْعُ وَيُوَلُّوْنَ الدُّبُرَ

তারা কি বলে যে, আমরাই বিজয়ী দল? (জেনে রেখো) অতি শীঘ্রই এ দল পরাজিত হবে এবং পৃষ্ঠপ্রদর্শন করবে। (সূরা ক্বামার- ৪৪, ৪৫)

যুদ্ধের অনুমতি প্রদান :

اُذِنَ لِلَّذِيْنَ يُقَاتَلُوْنَ بِاَنَّهُمْ ظُلِمُوْاؕ وَاِنَّ اللهَ عَلٰى نَصْرِهِمْ لَقَدِيْرٌ – اَلَّذِيْنَ اُخْرِجُوْا مِنْ دِيَارِهِمْ بِغَيْرِ حَقٍّ اِلَّاۤ اَنْ يَّقُوْلُوْا رَبُّنَا اللهُ

যারা আক্রান্ত হয়েছে তাদেরকে যুদ্ধের অনুমতি দেয়া হলো, কারণ তাদের প্রতি অত্যাচার করা হয়েছে। নিশ্চয় আল্লাহ তাদেরকে সাহায্য করতে সক্ষম। তাদেরকে তাদের ঘরবাড়ি হতে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে শুধুমাত্র এ কারণে যে, তারা বলে, ‘আমাদের প্রতিপালক আল্লাহ।’ (সূরা হজ্জ- ৩৯, ৪০)