hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২১৬

অধ্যায়- ১০ : মান্নত পূর্ণ করা

সওয়াবের কাজের জন্য মান্নত করা জায়েয :

اِذْ قَالَتِ امْرَاَةُ عِمْرَانَ رَبِّ اِنِّيْ نَذَرْتُ لَكَ مَا فِيْ بَطْنِيْ مُحَرَّرًا فَتَقَبَّلْ مِنِّيْۚ اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْمُ

স্মরণ করো, যখন ইমরানের স্ত্রী বলেছিলেন, হে আমার প্রতিপালক! আমার গর্ভের সন্তানকে আপনার জন্য মান্নত করলাম। সুতরাং আপনি আমার পক্ষ থেকে তা কবুল করুন। নিশ্চয় আপনি শ্রবণকারী ও মহাজ্ঞানী। (সূরা আলে ইমরান- ৩৫)

ব্যাখ্যা : মান্নত বলা হয় নজরানাকে। কোন মনোবাঞ্ছা পূর্ণ করার শর্তে মানুষ যখন নিজের উপর এমন কোন ব্যয়ভার বা সেবাকে ফরয করে নেয় যা তার উপর ফরয নয়, তখন তাকে মান্নত বলে। এ মান্নত যদি কোন হালাল জিনিস সম্পর্কিত হয় এবং তা আল্লাহর কাছে চাওয়া হয়ে থাকে আর তা পূর্ণ হওয়ার পর যে কাজ করার অঙ্গীকার করা হয় তা আল্লাহর জন্যই হয়ে থাকে, তাহলে এ ধরনের মান্নত হবে আল্লাহর আনুগত্যের অন্তর্ভুক্ত। এ মান্নত পূর্ণ করলে সওয়াব পাওয়া যাবে। আর যদি এ ধরনের মান্নত না হয়, তাহলে তা নিজের উপর আরোপিত গোনাহের কারণ হয়ে দাঁড়াবে। আর তা পূর্ণ করলে অবশ্যই আযাবের অংশীদার হতে হবে। আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী ﷺ বলেছেন, মানণত বনী আদমকে এমন কিছু এনে দেয় না, যা আল্লাহ তাদের ভাগ্যে লিপিবদ্ধ করে দেননি। তবে আদম সন্তানকে এক তাক্বদীর থেকে অন্য তাক্বদীরের দিকে নিক্ষেপ করে, যা আল্লাহ তার জন্য নির্ধারিত করে রেখেছেন। আর মান্নত দ্বারা তিনি কৃপণের নিকট থেকে কিছু ধনসম্পদ বের করে নেন। (সহীহ বুখারী, হা/৬৬০৯)

মান্নত পূর্ণ করা আবশ্যক :

يُوْفُوْنَ بِالنَّذْرِ وَيَخَافُوْنَ يَوْمًا كَانَ شَرُّهٗ مُسْتَطِيْرًا

তারা মান্নত পূর্ণ করে এবং সেদিনের ব্যাপারে ভয় করে, যেদিনের অনিষ্টতা হবে ব্যাপক। (সূরা দাহর- ৭)

মান্নত আল্লাহর সন্তুষ্টির জন্য হলে এর প্রতিদান পাওয়া যাবে :

وَمَاۤ اَنْفَقْتُمْ مِّنْ نَّفَقَةٍ اَوْ نَذَرْتُمْ مِّنْ نَّذْرٍ فَاِنَّ اللّٰهَ يَعْلَمُهٗ

তোমরা যা কিছু দান কর অথবা যা কিছু মান্নত কর, নিশ্চয় আল্লাহ সে বিষয়ে অবগত। (সূরা বাক্বারা- ২৭০)

ব্যাখ্যা : আল্লাহর পথে ব্যয় করা হোক বা শয়তানের পথে হোক, আল্লাহর জন্য মান্নত করা হোক বা গায়রুল্লাহর জন্য হোক- উভয় অবস্থায়ই মানুষের নিয়ত ও তার কাজ সম্পর্কে আল্লাহ ভালোভাবেই জানেন। যারা আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করে এবং তাঁর জন্যই মান্নত করে তারা তাদের প্রতিদান পাবে। আর যারা শয়তানের পথে ব্যয় করে এবং আল্লাহকে বাদ দিয়ে অন্যদের জন্য মান্নত করে, তাদেরকে আল্লাহর শাস্তি থেকে রক্ষা করার সাধ্য কারো নেই।