hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৫৪

৩. ইদ্রীস (আঃ)

ইদ্রীস (আঃ) ছিলেন একজন নবী। বাইবেলে তাকে ‘ইনক’ নামে উল্লেখ করা হয়েছে। কুরআন ও হাদীসে তাঁর সম্পর্কে বিস্তারিতভাবে কোনকিছু আলোচনা করা হয়নি। বর্তমানে তিনি ৪র্থ আসমানে অবস্থান করছেন। মি‘রাজের রাত্রিতে রাসূল ﷺ তাঁর সাথে সাক্ষাৎ করেন। বর্ণিত আছে যে, ইদ্রীস (আঃ) হলেন প্রথম মানব, যাঁকে মু‘জিযা হিসেবে জ্যোতির্বিজ্ঞান ও অংকবিজ্ঞান দান করা হয়েছিল। তিনিই সর্বপ্রথম মানব, যিনি আল্লাহর ইলহামের মাধ্যমে কলমের সাহায্যে লিখন পদ্ধতি ও বস্ত্র সেলাই শিল্পের সূচনা করেন। তাঁর পূর্বে মানুষ সাধারণত পোশাক হিসেবে জীবজন্তুর চামড়া ব্যবহার করত। ওজন ও পরিমাপের পদ্ধতি তিনিই সর্বপ্রথম আবিষ্কার করেন এবং লোহা দ্বারা অস্ত্র-শস্ত্র তৈরির পদ্ধতি আবিষ্কার ও তার ব্যবহার তাঁর আমল থেকেই শুরু হয়।

ইদ্রীস (আঃ) ছিলেন একজন সৎ নবী :

وَاذْكُرْ فِى الْكِتَابِ اِدْرِيْسَؗ اِنَّهٗ كَانَ صِدِّيْقًا نَّبِيًّا

এ কিতাবে ইদ্রীসের কথা স্মরণ করো, সে ছিল একজন সত্যনিষ্ঠ ব্যক্তি ও নবী। (সূরা মারইয়াম– ৫৬)

তিনি ধৈর্যশীল নবী ছিলেন :

وَاِسْمَاعِيْلَ وَاِدْرِيْسَ وَذَا الْكِفْلِؕ كُلٌّ مِّنَ الصَّابِرِيْنَ

স্মরণ করো, ইসমাঈল, ইদ্রীস ও যুলকিফল–এর কথা, তারা প্রত্যেকেই ছিল ধৈর্যশীল। (সূরা আম্বিয়া– ৮৫)

আল্লাহ তাকে উচ্চমর্যাদা দান করেছিলেন :

وَرَفَعْنَاهُ مَكَانًا عَلِيًّا

আমি তাকে উন্নীত করেছিলাম উচ্চমর্যাদায়। (সূরা মারইয়াম– ৫৭)