hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৯

অধ্যায়- ২৭ : কুরআন প্রচারে বাধা দেয়ার পরিণাম

কিছু লোক কুরআনের কথা শুনতে চায় না :

وَاِذَا تُتْلٰى عَلَيْهِ اٰيَاتُنَا وَلّٰى مُسْتَكْبِرًا كَاَنْ لَّمْ يَسْمَعْهَا كَاَنَّ فِۤيْ اُذُنَيْهِ وَقْرًاۚ فَبَشِّرْهُ بِعَذَابٍ اَلِيْمٍ

যখন তার কাছে আমার আয়াতসমূহ পাঠ করা হয়, তখন সে দম্ভভরে মুখ ফিরিয়ে নেয়; যেন সে শুনতেই পায়নি, যেন তার কর্ণদ্বয়ের মধ্যে ছিপি রয়েছে। অতএব তাকে বেদনাদায়ক শাস্তির সুসংবাদ দাও। (সূরা লুক্বমান- ৭)

তারা প্রচারকের বিরোধিতা করে :

وَاِذَا تُتْلٰى عَلَيْهِمْ اٰيَاتُنَا بَيِّنَاتٍ تَعْرِفُ فِيْ وُجُوْهِ الَّذِيْنَ كَفَرُوا الْمُنْكَرَؕ يَكَادُوْنَ يَسْطُوْنَ بِالَّذِيْنَ يَتْلُوْنَ عَلَيْهِمْ اٰيَاتِنَا

তাদের নিকট আমার সুস্পষ্ট আয়াতসমূহ পাঠ করা হলে তুমি কাফিরদের মুখমন্ডলে অসমেত্মাষ ভাব লক্ষ্য করবে। যারা তাদের নিকট আমার আয়াতসমূহ পাঠ করে, তারা তাদেরকে আক্রমণ করতে উদ্যত হয়। (সূরা হজ্জ- ৭২)

তারা কঠিন শাস্তি ভোগ করবে :

وَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا لَا تَسْمَعُوْا لِهٰذَا الْقُرْاٰنِ وَالْغَوْا فِيْهِ لَعَلَّكُمْ تَغْلِبُوْنَ – - فَلَنُذِيْقَنَّ الَّذِيْنَ كَفَرُوْا عَذَابًا شَدِيْدًا وَّلَنَجْزِيَنَّهُمْ اَسْوَاَ الَّذِيْ كَانُوْا يَعْمَلُوْنَ – ذٰلِكَ جَزَآءُ اَعْدَآءِ اللهِ النَّارُۚ لَهُمْ فِيْهَا دَارُ الْخُلْدِؕ جَزَآءً ۢبِمَا كَانُوْا بِاٰيَاتِنَا يَجْحَدُوْنَ

কাফিররা বলে, তোমরা এ কুরআন শ্রবণ করো না এবং তা পাঠকালে শোরগোল সৃষ্টি করো, যাতে তোমরা জয়ী হতে পার। অবশ্যই আমি কাফিরদেরকে কঠিন শাস্তি আস্বাদন করাব এবং তাদেরকে নিকৃষ্ট কার্যকলাপের বিনিময় প্রদান করব। (তাদের বিনিময় হচ্ছে) জাহান্নাম, আর এটাই আল্লাহর শত্রুদের (যথার্থ) পরিণাম। সেখানে তাদের জন্য রয়েছে স্থায়ী আবাসস্থল, যেহেতু তারা আমার নিদর্শনসমূহকে অস্বীকার করত। (সূরা হা-মীম সাজদা, ২৬-২৮)

ব্যাখ্যা : মক্কার কাফিররা যেসব পরিকল্পনার মাধ্যমে নবী ﷺ এর প্রচারকে ব্যর্থ করে দিতে চাচ্ছিল, এটি ছিল তারই একটি। তারা মনে করত, এরকম উচ্চমর্যাদাসম্পন্ন ব্যক্তির মুখ থেকে এমন হৃদয়গ্রাহী ভঙ্গিতে এই নজিরবিহীন বাণী যে-ই শুনবে সে-ই ঘায়েল হয়ে যাবে। অতএব তারা পরিকল্পনা করল যে, তারা এ বাণী নিজেরাও শুনবে না এবং অন্য কাউকেও শুনতে দেবে না। ফলে মুহাম্মাদ ﷺ যখনই তা শুনাতে আরম্ভ করবেন, তখনই তারা হৈ চৈ শুরু করে দেবে। তালি বাজাবে, বিদ্রূপ করবে, আপত্তি ও সমালোচনার ঝড় তুলবে এবং চিৎকার জুড়ে দেবে। তারা আশা করত, এ কৌশল অবলম্বন করে তারা আল্লাহর নবীকে ব্যর্থ করে দিতে সক্ষম হবে।