hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২২৬

পর্ব- ২৭ : সবর বা ধৈর্যধারণ অধ্যায়- ১ : সবরের গুরুত্ব

ধৈর্যধারণ করার জন্য আল্লাহর নির্দেশ :

فَاصْبِرْ صَبْرًا جَمِيْلًا

সুতরাং তুমি উত্তমভাবে ধৈর্যধারণ করো (সূরা মা‘আরিজ- ৫)

ব্যাখ্যা : صَبْرٌ جَمِيْلٌ (সাবরুন জামীল) এর শাব্দিক অর্থ ভালো সবর বা উত্তম ধৈর্য। এটা এমন সবর, যার মধ্যে অভিযোগ, ফরিয়াদ ও কান্নাকাটি নেই। একজন উচ্চ ও প্রশস্ত হৃদয়ের অধিকারী মানুষের উপর যে বিপদ আসে তাকে ধীরস্থির চিত্তে মুকাবিলা করে যাওয়াই এ সবরের প্রকৃতি।

ধৈর্যধারণ করতে হবে নবীদের মতো :

فَاصْبِرْ كَمَا صَبَرَ اُولُو الْعَزْمِ مِنَ الرُّسُلِ

অতএব (হে রাসূল!) আপনি ধৈর্যধারণ করুন, যেমনিভাবে দৃঢ়চিত্তের অধিকারী রাসূলগণ ধৈর্যধারণ করেছেন। (সূরা আহকাফ- ৩৫)

সকল নবীই ধৈর্যধারণ করেছেন :

وَلَقَدْ كُذِّبَتْ رُسُلٌ مِّنْ قَبْلِكَ فَصَبَرُوْا عَلٰى مَا كُذِّبُوْا وَاُوْذُوْا حَتّٰۤى اَتَاهُمْ نَصْرُنَا

এভাবে তোমার আগেও রাসূলদেরকে মিথ্যাবাদী সাব্যস্ত করা হয়েছিল। কিন্তু তাঁদেরকে মিথ্যাবাদী সাব্যস্ত করা ও নানা রকম নির্যাতন চালানোর পরও তাঁরা কঠোর ধৈর্যধারণ করেছিল, অবশেষে তাদের কাছে আমার সাহায্য পৌঁছল। (সূরা আন‘আম- ৩৪)

আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্যধারণ করতে হবে :

وَلِرَبِّكَ فَاصْبِرْ

তোমার প্রতিপালকের উদ্দেশ্যে ধৈর্যধারণ করো। (সূরা মুদ্দাসসির- ৭)

একে অপরকে ধৈর্যধারণের প্রশিক্ষণ দিতে হবে :

يَاۤ اَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اصْبِرُوْا وَصَابِرُوْا

হে ঈমানদারগণ! তোমরা ধৈর্যধারণ করো এবং (ধৈর্যধারণ করার জন্য) পরস্পর প্রতিযোগিতা করো।

(সূরা আলে ইমরান- ২০০)

وَ الْعَصْرِ ‐ اِنَّ الْاِنْسَانَ لَفِيْ خُسْرٍ ‐ اِلَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ

যুগের কসম! নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত; কিন্তু তারা নয়, যারা বিশ্বাস স্থাপন করে, সৎ আমল করে এবং পরস্পরকে সত্যের ও ধৈর্যধারণের উপদেশ দেয়। (সূরা আসর)

ধৈর্যধারণকারীরা জান্নাতবাসী হবে :

ثُمَّ كَانَ مِنَ الَّذِيْنَ اٰمَنُوْا وَتَوَاصَوْا بِالصَّبْرِ وَتَوَاصَوْا بِالْمَرْحَمَةِ ‐ اُولٰٓئِكَ اَصْحَابُ الْمَيْمَنَةِ

তাদের মধ্যে যারা ঈমান আনয়ন করেছে এবং যারা পরস্পরকে ধৈর্যধারণের, দয়া ও করুণার উপদেশ দেয়, এরাই ডান হাতওয়ালা (জান্নাতবাসী)। (সূরা বালাদ- ১৭, ১৮)

কারা ধৈর্যশীল তা আল্লাহ পরীক্ষা করেন :

وَلَنَبْلُوَنَّكُمْ حَتّٰى نَعْلَمَ الْمُجَاهِدِيْنَ مِنْكُمْ وَالصَّابِرِيْنَ

আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, যাতে করে তোমাদের অবস্থা যাচাই করে নিতে পারি এবং দেখে নিতে পারি যে, তোমাদের মধ্যে কারা মুজাহিদ ও কারা ধৈর্যশীল। (সূরা মুহাম্মাদ- ৩১)