hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৪

অধ্যায়- ২২ : কুরআনের বিধান মানা বাধ্যতামূলক

কুরআনের বিধান পরিপূর্ণভাবে মানতে হবে :

اَفَتُؤْمِنُوْنَ بِبَعْضِ الْكِتَابِ وَتَكْفُرُوْنَ بِبَعْضٍۚ فَمَا جَزَآءُ مَنْ يَّفْعَلُ ذٰلِكَ مِنْكُمْ اِلَّا خِزْيٌ فِى الْحَيَاةِ الدُّنْيَاۚ وَيَوْمَ الْقِيَامَةِ يُرَدُّوْنَ اِلٰۤى اَشَدِّ الْعَذَابِؕ وَمَا اللهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ

তোমরা কি গ্রন্থের কিছু অংশ বিশ্বাস কর আর কিছু অংশ অস্বীকার কর? তোমাদের মধ্যে যারা এরূপ করে তাদের পার্থিব জীবনে লাঞ্ছনা ব্যতীত কিছুই নেই এবং কিয়ামত দিবসে তারা কঠোর শাস্তির দিকে প্রত্যাবর্তিত হবে। আর তোমরা যা করছ আল্লাহ সে বিষয়ে উদাসীন নন। (সূরা বাক্বারা- ৮৫)

ব্যাখ্যা : কুরআনের বিধান মানার জন্য নবী ﷺ এর অসীয়ত করে গেছেন। তালহা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি আবদুল্লাহ ইবনে আবি আওফ (রাঃ) কে প্রশ্ন করলাম, নবী ﷺ কি কোন অসীয়ত করে গেছেন? তিনি জবাব দিলেন, না। তখন আমি বললাম, ‘‘যখন নবী ﷺ কোন অসীয়ত করে যাননি, তখন তিনি মানুষের জন্য কী করে অসীয়ত করা বাধ্যতামূলক করে গেছেন এবং তাদেরকে এজন্য আদেশ দিয়েছেন।’’ তখন তিনি উত্তর দিলেন, নবী ﷺ আল্লাহর কিতাবের অনুসরণ করার জন্য অসীয়ত করে গেছেন।’ (যেহেতু নবীগণ কোন ধনসম্পদ রেখে যান না সেজন্য কোন অসীয়তও করে যান না, তাঁরা শুধুমাত্র হেদায়াত রেখে যান এবং সে বিষয়ে অসীয়ত করে যান, সে হিসেবে শেষ নবীও আল্লাহর কিতাব কুরআন রেখে গেছেন এবং এর অনুসরণের জন্য অসীয়ত করে গেছেন)। (সহীহ বুখারী, হা/৫০২২)

যারা কুরআনের বিধান মানবে তারা পথভ্রষ্ট হবে না :

قُلْنَا اهْبِطُوْا مِنْهَا جَمِيْعًاۚ فَاِمَّا يَاْتِيَنَّكُمْ مِّنِّيْ هُدًى فَمَنْ تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ

আমি বললাম, তোমরা সবাই এখান থেকে (জান্নাত থেকে) নিচে নেমে যাও। পরে আমার পক্ষ হতে তোমাদের নিকট হেদায়াত আসবে; অতঃপর যারা আমার সেই হেদায়াতের অনুসরণ করবে তাদের কোন ভয় থাকবে না এবং তারা চিন্তিতও হবে না। (সূরা বাক্বারা- ৩৮)

فَاِمَّا يَاْتِيَنَّكُمْ مِّنِّيْ هُدًى فَمَنِ اتَّبَعَ هُدَايَ فَلَا يَضِلُّ وَلَا يَشْقٰى

পরে আমার পক্ষ হতে তোমাদের নিকট সৎপথের নির্দেশ আসলে যে আমার পথ অনুসরণ করবে, সে বিপথগামী হবে না এবং দুঃখ-কষ্টও পাবে না। (সূরা ত্বা-হা- ১২৩)

তাদের কোন ভয় থাকবে না :

يَا بَنِيْۤ اٰدَمَ اِمَّا يَاْتِيَنَّكُمْ رُسُلٌ مِّنْكُمْ يَقُصُّوْنَ عَلَيْكُمْ اٰيَاتِيْ فَمَنِ اتَّقٰى وَاَصْلَحَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ

হে বনী আদম! যদি তোমাদের মধ্য হতে কোন রাসূল তোমাদের নিকট এসে আমার আয়াতসমূহ বর্ণনা করেন তখন যারা সাবধান হবে এবং নিজেদেরকে সংশোধন করে নেবে, তাদের কোন ভয় থাকবে না এবং তারা দুঃখিতও হবে না। (সূরা আ‘রাফ- ৩৫)