hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৭৮

পর্ব- ২০ : পর্দা

প্রাচীন যুগে আরবের লোকেরা নির্দ্বিধায় একে অপরের ঘরে ঢুকে পড়ত। কেউ যদি কারো সাথে দেখা করতে চাইত, তাহলে অনুমতি নিয়ে ভেতরে যাওয়ার নিয়ম ছিল না। এ জাহেলী পদ্ধতি বহু ক্ষতির কারণ হয়ে পড়েছিল। এর ফলে অনেক সময় বহু নৈতিক অপকর্মেরও সূচনা হতো। ওমর (রাঃ) পর্দার আয়াত নাযিল হওয়ার পূর্বে কয়েকবার নবী ﷺ এর কাছে নিবেদন করেছিলেন, ‘‘হে আল্লাহর রাসূল! আপনার ঘরে ভালোমন্দ সবরকম লোক আসে। যদি আপনি আপনার পবিত্র স্ত্রীদেরকে পর্দা করার হুকুম দিতেন! কিন্তু রাসূল ﷺ যেহেতু আইন রচনার ক্ষেত্রে স্বাধীন ক্ষমতার অধিকারী ছিলেন না, তাই তিনি আল্লাহর ইশারার অপেক্ষায় ছিলেন। শেষ পর্যন্ত এ হুকুম নাযিল হলো যে, ‘‘ মাহরাম পুরুষ ছাড়া অন্য কোন পুরুষ নবী ﷺ এর গৃহে প্রবেশ করবে না। আর মহিলাদের কাছে যার কোনকিছুর প্রয়োজন হবে, তাকে পর্দার আড়ালে থেকেই কথা বলতে হবে।’’ এ হুকুমের পর পবিত্র স্ত্রীদের গৃহে দরজার উপর পর্দা ঝুলিয়ে দেয়া হয়। যেহেতু নবী ﷺ এর গৃহই ছিল সকল মুসলিমের জন্য আর্দশগৃহ, তাই সকল মুসলিমের গৃহের দরজার উপরও পর্দা ঝুলিয়ে দেয়া হয়। আরো বলা হয় যে, কোন বন্ধু বা আত্মীয়স্বজন হলেও বিনা অনুমতিতে কারো গৃহে প্রবেশ করতে পারবে না।