hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬৫

অধ্যায়- ৩ : ইসলামের পথই সঠিক ও সোজা পথ

ইসলামই হচ্ছে সোজা পথ :

وَهٰذَا صِرَاطُ رَبِّكَ مُسْتَقِيْمًاؕ قَدْ فَصَّلْنَا الْاٰيَاتِ لِقَوْمٍ يَّذَّكَّرُوْنَ

এটা তোমার প্রতিপালকের নির্দেশিত সরল পথ। যারা উপদেশ গ্রহণ করে আমি এতে তাদের জন্য নিদর্শনসমূহ বিশদভাবে বর্ণনা করে দিয়েছি। (সূরা আন‘আম- ১২৬)

ব্যাখ্যা : যেহেতু আল্লাহ দুনিয়াবাসীর প্রতি কোন যুলুম করতে চান না, তাই তিনি তাদেরকে সোজা পথ দেখিয়ে দিয়েছেন। শেষ বিচারের দিন কোন্ কোন্ বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে সে কথাও আগেই জানিয়ে দিয়েছেন। এরপরও যারা বাঁকা পথ ধরবে এবং নিজেদের ভ্রান্ত কর্মপদ্ধতি পরিহার করবে না, তারা আসলে নিজেরাই নিজেদের উপর যুলুম করবে।

وَاِنَّ اللهَ رَبِّيْ وَرَبُّكُمْ فَاعْبُدُوْهُؕ هٰذَا صِرَاطٌ مُّسْتَقِيْمٌ

আল্লাহই আমার ও তোমাদের প্রতিপালক; সুতরাং তোমরা তাঁর ইবাদাত করো; আর এটাই সরল পথ।

(সূরা মারইয়াম- ৩৬)

সোজা পথ দেখানো আল্লাহর দায়িত্ব :

وَعَلَى اللهِ قَصْدُ السَّبِيْلِ وَمِنْهَا جَآئِرٌ

(মানুষকে) সরলসঠিক পথ দেখিয়ে দেয়া আল্লাহর দায়িত্ব। আর পথসমূহের মধ্যে অনেক বাঁকা পথও রয়েছে। (সূরা নাহল- ৯)

وَاَنَّ هٰذَا صِرَاطِيْ مُسْتَقِيْمًا فَاتَّبِعُوْهُۚ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سَبِيْلِه ؕ ذٰلِكُمْ وَصَّاكُمْ بِه لَعَلَّكُمْ تَتَّقُوْنَ

এ পথই আমার সরল পথ। সুতরাং তোমরা এরই অনুসরণ করো এবং অন্য কোন পথ অনুসরণ করো না, নতুবা তোমরা তাঁর পথ হতে বিচ্ছিন্ন হয়ে যাবে। এভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিলেন, যেন তোমরা সাবধান হও। (সূরা আন‘আম- ১৫৩)

ব্যাখ্যা : মানুষ জীবন পরিচালনা করার জন্য যতগুলো পথ তৈরি করেছে সবই বক্ররেখার মতো। একটি ভুল দিক থেকে যাত্রা শুরু করে আরেকটি ভুল প্রান্তে গিয়ে তা শেষ হয়। এ অসংখ্য বক্র ও ভুল পথের মধ্য দিয়ে এমন একটি পথ চলে গেছে, যার অবস্থান ঠিক মধ্যভাগে। এ পথে কোন প্রকার বক্রতার লেশ মাত্র নেই। কোন দিকের প্রতি অযথা পক্ষপাতিত্ব অথবা বেইনসাফী করার প্রশ্নই এখানে নেই। মানুষের জীবনের সঠিক উন্নয়ন এবং তার সাফল্য ও অগ্রগতির জন্য এ ধরনের একটি পথ একান্ত অপরিহার্য। মানুষের মূল প্রকৃতি এ পথের সন্ধানেই ফিরছে। কিন্তু নিজের চেষ্টায় এ রাজপথের সন্ধান লাভ করার ক্ষমতা মানুষের নেই। একমাত্র আল্লাহই তাকে এ পথের সন্ধান দিতে পারেন। মানুষকে এ পথের সন্ধান দেয়ার জন্যই আল্লাহ রাসূল পাঠিয়েছেন। কুরআনে এ পথকেই ‘সাওয়া-উস-সাবীল’ ও ‘সিরাতুম মুস্তাকীম’ তথা সরল পথ বলা হয়েছে।

কুরআন ইসলামের পথ দেখায় :

قَالُوْا يَا قَوْمَنَاۤ اِنَّا سَمِعْنَا كِتَابًا اُنْزِلَ مِنْ ۢبَعْدِ مُوْسٰى مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ يَهْدِيْۤ اِلَى الْحَقِّ وَاِلٰى طَرِيْقٍ مُّسْتَقِيْمٍ

তারা বলল, হে আমাদের সম্প্রদায়! আমরা এমন এক কিতাব শুনলাম, যা মূসার উপর নাযিল করা হয়েছে। যা এর আগের কিতাবগুলোকে সত্য বলে স্বীকার করে এবং সত্য ও সঠিক পথের দিকে হেদায়াত করে । (সূরা আহকাফ- ৩০)

وَيَرَى الَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَ الَّذِيْۤ اُنْزِلَ اِلَيْكَ مِنْ رَّبِّكَ هُوَ الْحَقَّ وَيَهْدِيْۤ اِلٰى صِرَاطِ الْعَزِيْزِ الْحَمِيْدِ

আর যাদেরকে জ্ঞান দান করা হয়েছে তারা জানে যে, আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তা সত্য। আর তা প্রবল প্রতাপশালী ও সর্বগুণে গুণান্বিত আল্লাহর দিকে পথপ্রদর্শন করে। (সূরা সাবা- ৬)

মুহাম্মাদ ﷺ এ পথেই মানুষকে ডাকতেন :

وَاِنَّكَ لَتَهْدِيْۤ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ

নিশ্চয় তুমি সরল পথপ্রদর্শন করে থাক। (সূরা শূরা- ৫২)

قُلْ هٰذِهٖ سَبِيْلِيْۤ اَدْعُوْاۤ اِلَى اللهِ عَلٰى بَصِيْرَةٍ اَنَاْ وَمَنِ اتَّبَعَنِيْؕ وَسُبْحَانَ اللهِ وَمَاۤ اَنَاْ مِنَ الْمُشْرِكِيْنَ

বলো, এটাই আমার পথ। আমি এবং আমার অনুসারীরা দূরদর্শীতার মাধ্যমে আল্লাহর প্রতি মানুষকে আহবান করি। আল্লাহ কতই না পবিত্র; আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। (সূরা ইউসুফ- ১০৮)