hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৮৯

অধ্যায়- ৭ : জান্নাতের শরবত ও তার বৈশিষ্ট্য

জান্নাতের শরবত হবে সাদা এবং খুবই সুস্বাদু :

يُطَافُ عَلَيْهِمْ بِكَاْسٍ مِّنْ مَّعِيْنٍ – بَيْضَآءَ لَذَّةٍ لِّلشَّارِبِيْنَ

তাদের নিকট স্বচ্ছ পানপাত্র পরিবেশন করা হবে। আর তা হবে সাদা এবং পানকারীদের জন্য খুবই সুস্বাদু। (সূরা সাফ্ফাত– ৪৫, ৪৬)

জান্নাতের শরাবে মাথা ব্যথা ও পাগলামী থাকবে না :

يَتَنَازَعُوْنَ فِيْهَا كَاْسًا لَّا لَغْوٌ فِيْهَا وَلَا تَاْثِيْمٌ

তারা এমন শরাব পান করবে, যা পান করলে অনর্থক কথা বলবে না এবং কোন পাপকাজেও লিপ্ত হবে না। (সূরা তূর– ২৩)

لَا يُصَدَّعُوْنَ عَنْهَا وَلَا يُنْزِفُوْنَ

জান্নাতের শরাব পান করার পর মাথা ব্যথা হবে না এবং জ্ঞানও লোপ পাবে না। (সূরা ওয়াক্বিয়া– ১৯)

ব্যাখ্যা : দুনিয়ার শরাবে যে দু’ধরনের খারাপ বৈশিষ্ট্য থাকে জান্নাতের শরাব তা হতে মুক্ত থাকবে। দুনিয়ার শরাবের এক ধরনের বৈশিষ্ট্য হলো, মানুষ তার কাছে আসতেই তার পঁচা দুর্গন্ধ নাকে পৌঁছে যায়। শরাবের স্বাদ মানুষের জিহবাকে তিক্ত ও বিস্বাদ করে দেয়। এরপর গলার নিচে নামার সাথে সাথেই তা পেট চেপে ধরে। তা মাথায় চড়তে থাকে এবং মাথা চক্কর দিতে থাকে। আস্তে আস্তে তা কলিজাকে প্রভাবিত করে এবং মানুষের স্বাস্থ্যের উপর তার খারাপ প্রভাব বিস্তার করে। এসব হচ্ছে শারীরিক ক্ষতি। দ্বিতীয় ধরনের বৈশিষ্ট্য হচ্ছে, শরাব পান করে মানুষ তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। ফলে তার কথায় ও কাজে স্বাভাবিক নিয়ন্ত্রণ থাকে না, যা সামাজিক ক্ষেত্রে খুবই ত্রুটিপূর্ণ। আর এগুলো হচ্ছে শরাবের মানসিক ক্ষতি। দুনিয়ায় মানুষ কেবলমাত্র আনন্দ লাভের জন্য এসব ক্ষতিকর বস্তু গ্রহণ করে। আল্লাহ বলেন, জান্নাতের শরাবে পূর্ণভাবে আনন্দ লাভ করা যাবে কিন্তু উপরোক্ত দু’ধরনের ক্ষতির কোনটাই সেখানে থাকবে না।

জান্নাতের শরাব হবে বিশুদ্ধ ও পবিত্র :

وَسَقَاهُمْ رَبُّهُمْ شَرَابًا طَهُوْرًا

তাদের প্রতিপালক তাদেরকে পবিত্র ও বিশুদ্ধ শরাব পান করাবেন। (সূরা দাহর– ২১)