hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬৯

পর্ব- ৫ : আত্ তাওহীদ

তাওহীদ হচ্ছে, আল্লাহ তা‘আলাকে সিফাতে কামাল বা পূর্ণাঙ্গ গুণাবলিতে একক বলে জানা এবং মানা। শ্রেষ্ঠত্ব ও মহত্বের গুণে তিনি যে একক, দৃঢ়তার সাথে এ ঘোষণা দেয়া এবং ইবাদাতের মাধ্যমে তাঁর একত্বের প্রমাণ দেয়া।

তাওহীদ তিন প্রকার :

১। আল-আসমা ওয়াসসিফাত অর্থাৎ আল্লাহর নাম ও গুণাবলির তাওহীদ :

আল্লাহ তা‘আলার শ্রেষ্ঠত্ব, মহত্ব ও সৌন্দর্যের যাবতীয় নাম ও গুণাবলিতে তিনি একক এবং নিরঙ্কুশভাবে পূর্ণতার অধিকারী। এক্ষেত্রে কোনক্রমেই তাঁর অংশীদার কেউ হতে পারে না। এ আক্বীদা পোষণ করাই হচ্ছে আল-আসমা ওয়াসসিফাতের তাওহীদ। সাথে সাথে আল্লাহ ও তাঁর রাসূল আল্লাহর কামালিয়াতের ক্ষেত্রে যেসব দোষ-ত্রুটিকে নেতিবাচক হিসেবে ঘোষণা করেছেন, সেগুলোকে নেতিবাচক হিসেবেই গ্রহণ করা।

২. রুবুবিয়্যাতের তাওহীদ :

সৃষ্টিকর্তা, রিযিকদাতা এবং সমগ্র সৃষ্টিজগৎ নিয়ন্ত্রণের ক্ষেত্রে আল্লাহ তা‘আলাই হচ্ছেন একক রব বা প্রতিপালক। তিনি অফুরন্ত নিয়ামতের মাধ্যমে গোটা সৃষ্টিকে প্রতিপালন করছেন। বান্দার এ আক্বীদা পোষণের নামই হচ্ছে রুবুবিয়্যাতের তাওহীদ।

৩. তাওহীদে উলুহিয়্যাহ :

একমাত্র আল্লাহকেই তাঁর সমস্ত সৃষ্টির উপর উলুহিয়্যাতের এবং উবুদিয়্যাতের অধিকারী হিসেবে জানা এবং স্বীকার করা, আর যাবতীয় ইবাদাতের মাধ্যমে তাঁর একত্বের প্রমাণ দেয়া। সাথে সাথে একমাত্র আল্লাহর জন্যই ইবাদাতকে নিরংঙ্কুশ করা- এর নাম হচ্ছে তাওহীদে উলুহিয়্যাহ।