hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০৮

পর্ব- ১২ : জিহাদ ও কিতাল

জিহাদের সংজ্ঞা : জিহাদ অর্থ হচ্ছে, কোন লক্ষ্য অর্জনের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়া। দ্বীন প্রতিষ্ঠার জন্য সবরকমের প্রচেষ্টা ও সাধনা এর অন্তর্ভুক্ত। আর কিতাল হচ্ছে, দ্বীন ইসলামকে বিজয়ী করার জন্য চূড়ান্তভাবে শত্রুর বিরুদ্ধে সশস্ত্র মুকাবেলা করা।

মুজাহিদ এমন ব্যক্তিকে বলা হয়, যে সর্বক্ষণ জিহাদের উদ্দেশ্য ও লক্ষ্য সাধনে নিমগ্ন থাকে। মুজাহিদের হাত, পা ও শরীরের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ জিহাদের উদ্দেশ্য সম্পাদনের জন্য সারাক্ষণ প্রচেষ্টা করে চলে। তার মস্তিষ্ক সবসময় ঐ উদ্দেশ্য সম্পাদনের উপায় ও কৌশল উদ্ভাবনে ব্যস্ত থাকে। তার কণ্ঠ ও লেখনী এ উদ্দেশ্যের প্রচারণায় নিয়োজিত থাকে। জিহাদের উদ্দেশ্য পূর্ণ করার জন্য সে নিজের সম্ভাব্য সমস্ত উপায়-উপকরণ প্রয়োগ করে, পূর্ণ শক্তি দিয়ে এ পথের সমস্ত বাধার মুকাবিলা করে। এমনকি শেষ পর্যন্ত যখন প্রাণ উৎসর্গ করার প্রয়োজন দেখা দেয়, তখন নির্দ্বিধায় এগিয়ে যায়। আল্লাহর পথে জিহাদ হচ্ছে, এ সবকিছু একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করা। এ দুনিয়ায় একমাত্র আল্লাহর দ্বীন তথা আল্লাহপ্রদত্ত জীবনবিধান প্রতিষ্ঠা করা এবং তাকে অন্যান্য সকল বিধানের উপর বিজয়ী করা। মুজাহিদের সামনে এছাড়া আর দ্বিতীয় কোন উদ্দেশ্য থাকে না।

জিহাদের ক্ষেত্র : জিহাদের প্রথম অভিযান পরিচালিত হয় মানুষের নাফসে আম্মারার বিরুদ্ধে। এ নফসই মানুষকে সবসময় ঈমান ও আনুগত্যের পথ থেকে সরিয়ে দেয়ার প্রচেষ্টা করে। তাকে নিয়ন্ত্রণ না করা পর্যন্ত বাইরের কোন প্রচেষ্টা ও সংগ্রামের সম্ভাবনা নেই। এরপর সারা দুনিয়াই হচ্ছে জিহাদের ক্ষেত্র। যেসব শক্তি আল্লাহর পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে, যারা আল্লাহর বিধান অনুযায়ী চলতে বাধা দেয়, যারা পুরোপুরি আল্লাহর বান্দা হিসেবে জীবন-যাপন করতে দেয় না এবং যারা নিজের বা আল্লাহ ছাড়া অন্য কারো বান্দা হওয়ার জন্য বাধ্য করে, তাদের বিরুদ্ধে নিজেদের সম্ভাব্য সমস্ত শক্তি দিয়ে সংগ্রাম চালাতে হয়। যেসব মতবাদ, রীতিনীতি, রসম-রেওয়াজ, সাংস্কৃতিক ধারা ও সামাজিক নিয়ম সত্য দ্বীনের সাথে সাংঘর্ষিক সেগুলোর সাথে মুমিনকে লড়তে হয়।

যেসব রাষ্ট্রব্যবস্থার ভিত্তি গড়ে উঠেছে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহের উপর এবং যা মানুষকে সত্যের আনুগত্য করার পরিবর্তে মিথ্যার আনুগত্য করতে বাধ্য করে, যা আল্লাহর আনুগত্যমুক্ত থেকে নিজের ফরমান জারী করে এবং সত্যের পরিবর্তে মিথ্যাকে বিকশিত করার জন্য শক্তি প্রয়োগ করে- এসব প্রতিবন্ধক ও সংঘর্ষশীল শক্তির বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে নিজের লক্ষ্য অর্জন করতে হয়। এ প্রচেষ্টা বা সংগ্রাম দু’এক দিনের জন্য নয়, বরং সারাজীবনের জন্য। দিন-রাতের চবিবশ ঘণ্টার মধ্যে প্রতিটি মুহূর্তের। একটি ময়দানে নয় বরং জীবনের প্রত্যেকটি ময়দানে ও প্রতিটি দিকে।