hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৩৩

পর্ব- ২৯ : আল্লাহর যিকির অধ্যায়- ১ : যিকিরের গুরুত্ব

যিকিরের নির্দেশ :

يَاۤ اَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اذْكُرُوا اللهَ ذِكْرًا كَثِيْرًا

হে ঈমানদারগণ! তোমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। (সূরা আহযাব- ৪১)

সকাল-সন্ধ্যায় আল্লাহর যিকির করার নির্দেশ :

وَاذْكُرِ اسْمَ رَبِّكَ بُكْرَةً وَّاَصِيْلًا

তুমি সকাল-সন্ধ্যায় তোমার প্রতিপালকের নাম স্মরণ করো। (সূরা দাহর- ২৫)

হজ্জের সময় আল্লাহকে স্মরণ করার নির্দেশ :

فَاِذَا قَضَيْتُمْ مَّنَاسِكَكُمْ فَاذْكُرُوا اللهَ كَذِكْرِكُمْ اٰبَآءَكُمْ اَوْ اَشَدَّ ذِكْرًا

অতঃপর যখন তোমরা তোমাদের (হজ্জের) অনুষ্ঠানগুলো সম্পন্ন করে ফেল তখন যেভাবে তোমাদের পিতৃ-পুরুষদেরকে স্মরণ করতে সেভাবে আল্লাহকেও স্মরণ করো; এমনকি তার চেয়ে অধিক হারে স্মরণ করো। (সূরা বাক্বারা- ২০০)

দাওয়াতী কাজের সময়ও যিকির করার নির্দেশ :

اِذْهَبْ اَنْتَ وَاَخُوْكَ بِاٰيَاتِيْ وَلَا تَنِيَا فِيْ ذِكْرِيْ

তুমি ও তোমার ভ্রাতা আমার নিদর্শনসহ যাত্রা করো এবং আমার স্মরণে শৈথিল্য করো না। (সূরা ত্বা-হা- ৪২)

সর্বাবস্থায় আল্লাহর যিকিরের নির্দেশ :

فَاِذَا قَضَيْتُمُ الصَّلَاةَ فَاذْكُرُوا اللهَ قِيَامًا وَّقُعُوْدًا وَّعَلٰى جُنُوْبِكُمْ

যখন তোমরা সালাত সমাপ্ত করবে তখন দাঁড়িয়ে, বসে এবং শুয়ে আল্লাহকে স্মরণ করবে। (সূরা নিসা- ১০৩)

وَاذْكُرُوا اللهَ كَثِيْرًا لَّعَلَّكُمْ تُفْلِحُوْنَ

আল্লাহকে অধিক স্মরণ করবে, যাতে তোমরা সফলকাম হতে পার। (সূরা জুমু‘আ- ১০)

যিকিরের প্রতি উৎসাহ প্রদান :

اَلَمْ يَأْنِ لِلَّذِيْنَ اٰمَنُوْاۤ اَنْ تَخْشَعَ قُلُوْبُهُمْ لِذِكْرِ اللهِ

মুমিনদের কি এখনও সময় আসেনি যে, তাদের অন্তর আল্লাহর স্মরণে ভীত হবে? (সূরা হাদীদ- ১৬)

সাহাবাদের কোন কাজই আল্লাহর স্মরণে বাধা হতো না :

رِجَالٌ لَّا تُلْهِيْهِمْ تِجَارَةٌ وَّلَا بَيْعٌ عَنْ ذِكْرِ اللهِ وَاِقَامِ الصَّلَاةِ وَاِيْتَآءِ الزَّكَاةِ يَخَافُوْنَ يَوْمًا تَتَقَلَّبُ فِيْهِ الْقُلُوْبُ وَالْاَبْصَارُ

তারা এমন লোক, যাদেরকে ব্যবসা-বাণিজ্য এবং ক্রয়-বিক্রয় আল্লাহর স্মরণ হতে এবং সালাত কায়েম ও যাকাত প্রদান হতে বিরত রাখে না। তারা ভয় করে সেদিনকে, যেদিন অনেক অন্তর ও দৃষ্টি বিপর্যস্ত হয়ে পড়বে। (সূরা নূর- ৩৭)