hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯৩

পর্ব- ৮ : সাওম (রোযা)

صَوْمٌ (সাওম) এর অর্থ হলো, বিরত থাকা। আর ইসলামী শরীয়াতের পরিভাষায়- ‘‘আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সুবহে সাদিক হতে সূর্যাস্ত পর্যন্ত খানা-পিনা ও যৌন সম্ভোগ হতে বিরত থাকাকে সাওম বা রোযা বলে।’’

প্রাচীন যুগ থেকে নিয়ে মুহাম্মাদ (সাঃ) পর্যন্ত সকল নবীদের শরীয়তে রোযার বিধান ছিল। অবশ্য রোযার হুকুম-আহকাম ও সংখ্যা ইত্যাদি বিভিন্ন নবীর শরীয়াতে বিভিন্ন রকম ছিল। মূসা (আঃ) ও তাঁর উম্মতরা আশুরার দিন রোযা রাখতেন। দাউদ (আঃ) অর্ধেক বছর রোযা রাখতেন। (সহীহ বুখারী, হা/৩৪২০; সহীহ মুসলিম, হা/২৭৯৬)

রমাযানের রোযা ফরয হওয়ার পূর্বে নবী (সাঃ) মুসলিমদেরকে প্রতি মাসে তিনদিন রোযা রাখার নির্দেশ দিতেন এবং আশুরার দিন রোযা রাখতে উৎসাহিত করতেন। (সহীহ মুসলিম, হা/২৭০৮)

দ্বিতীয় হিজরীর শাবান মাসে সর্বপ্রথম রমাযান মাসে রোযা রাখার বিধান নাযিল হয়। তবে এতে লোকদেরকে এতটুকু সুযোগ দেয়া হয়েছিল যে, যারা রোযা রাখতে চায় না, তারা প্রতি রোযার পরিবর্তে একজন মিসকীনকে খাওয়ালেও চলবে। এ বিধান নাযিল হওয়ার একবছর পর সুস্থদের ব্যাপারে যে ছাড় দেয়া হয়েছিল তা রহিত করে পুরো মাস রোযা রাখা বাধ্যতামূলক করে দেয়া হয় এবং রোগী ও মুসাফিরদের ব্যাপারে কাযার বিধান বহাল রাখা হয়।