hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২০০

অধ্যায়- ৪ : আমানতের হেফাজত করা

আমানতকে হকদারের কাছে পৌঁছে দিতে হবে :

اِنَّ اللهَ يَأْمُرُكُمْ اَنْ تُؤَدُّوا الْاَمَانَاتِ اِلٰۤى اَهْلِهَا

নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে, তোমরা আমানতকে তার হকদারের নিকট বুঝিয়ে দাও। (সূরা নিসা- ৫৮)

ব্যাখ্যা : আমানত এমন যাবতীয় চুক্তি, প্রতিশ্রুতি ও অঙ্গীকারের অন্তর্ভুক্ত, যা মানুষ ও আল্লাহর মধ্যে অথবা মানুষ ও মানুষের মধ্যে কিংবা জাতি ও জাতির মধ্যে সম্পাদিত হয়েছে। মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে, সে কখনো আমানতের খেয়ানত করে না এবং কখনো নিজের চুক্তি ও অঙ্গীকার ভঙ্গ করে না। কারণ যার মধ্যে আমানতদারীর গুণ নেই, তার মধ্যে ঈমান নেই এবং যার মধ্যে প্রতিশ্রুতি রক্ষা করার গুণ নেই, তার মধ্যে দ্বীনদারী নেই। (ইবনে হিববান, হা/১৯৪; মুসনাদে আহমাদ, হা/১২৪০৬)

আল্লাহ আমানতের খেয়ানত করতে নিষেধ করেছেন :

يَاۤ اَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَخُوْنُوا اللهَ وَالرَّسُوْلَ وَتَخُوْنُوْاۤ اَمَانَاتِكُمْ وَاَنْتُمْ تَعْلَمُوْنَ

হে মুমিনগণ! তোমরা জেনে-শুনে আল্লাহ ও তাঁর রাসূলের সাথে বিশ্বাস ভঙ্গ করো না এবং তোমাদের পরস্পরের আমানত সম্পর্কেও বিশ্বাস ভঙ্গ করো না। (সূরা আনফাল- ২৭)

আমানতের ব্যাপারে আল্লাহকে ভয় করা উচিত :

فَاِنْ اَمِنَ بَعْضُكُمْ بَعْضًا فَلْيُؤَدِّ الَّذِى اؤْتُمِنَ اَمَانَتَهٗ وَلْيَتَّقِ اللّٰهَ رَبَّهٗ

যদি তোমরা পরস্পরের প্রতি বিশ্বাসী হও, তবে যার কাছে আমানত রাখা হয় সে যেন তা ফিরিয়ে দেয় এবং তার রবকে ভয় করে। (সূরা বাক্বারা- ২৮৩)

আমানত রক্ষা করা মুমিনের উত্তম গুণ :

وَالَّذِيْنَ هُمْ لِاَمَانَاتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُوْنَ

আর যারা নিজেদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে (তারাই তো মুমিন)। (সূরা মু’মিনূন- ৮)