hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৩

অধ্যায়- ২১ : কুরআনের বিধান সহজ

আল্লাহ কুরআনের বিধানকে সহজ করে দিয়েছেন :

يُرِيْدُ اللهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيْدُ بِكُمُ الْعُسْرَ

আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান এবং তোমাদের জন্য কঠিন করতে চান না। (সূরা বাক্বারা- ১৮৫)

مَا يُرِيْدُ اللهُ لِيَجْعَلَ عَلَيْكُمْ مِّنْ حَرَجٍ وَّلٰكِنْ يُّرِيْدُ لِيُطَهِّرَكُمْ وَلِيُتِمَّ نِعْمَتَهٗ عَلَيْكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ

আল্লাহ তোমাদেরকে কষ্ট দিতে চান না; বরং তিনি তোমাদেরকে পবিত্র করতে চান ও তোমাদের প্রতি তাঁর অনুগ্রহ সম্পূর্ণ করতে চান; যাতে করে তোমরা শুকরিয়া জ্ঞাপন কর। (সূরা মায়েদা- ৬)

وَمَا جَعَلَ عَلَيْكُمْ فِى الدِّيْنِ مِنْ حَرَجٍ

তিনি দ্বীনের ব্যাপারে তোমাদের উপর কোন কষ্ট রাখেননি। (সূরা হজ্জ- ৭৮)

ব্যাখ্যা : আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। নবী ﷺ বলেন, দ্বীন খুব সহজ, কেউ দ্বীনের ব্যাপারে কঠোরতা অবলম্বন করলে সে অবশ্যই পরাজিত হবে। সর্বদা মধ্যমপন্থা অবলম্বন করো, তার নৈকট্য লাভ করো এবং সুসংবাদ গ্রহণ করো। আর সকাল-সন্ধ্যা ও শেষ রাতের আমল দ্বারা স্বীয় কাজে সাহায্য চাও। (সহীহ বুখারী, হা/৩৯)

সামর্থ্যের বাইরে আল্লাহ কাউকে কষ্ট দেন না :

لَا يُكَلِّفُ اللهُ نَفْسًا اِلَّا وُسْعَهَا

আল্লাহ কাউকে তার সামর্থ্যের বাইরে কিছু চাপিয়ে দেন না। (সূরা বাক্বারা- ২৮৬)

لَا يُكَلِّفُ اللهُ نَفْسًا اِلَّا مَاۤ اٰتَاهَا

আল্লাহ যাকে যে সামর্থ্য দিয়েছেন, তার অতিরিক্ত বোঝা তিনি তার উপর চাপিয়ে দেন না। (সূরা তালাক্ব- ৭)

ব্যাখ্যা : আল্লাহর কাছে মানুষের সামর্থ্যানুযায়ী তার দায়িত্ব বিবেচিত হয়। মানুষ যে কাজ করার ক্ষমতা রাখে না অথচ আল্লাহ তাকে সে কাজটি না করার জন্য জিজ্ঞাসাবাদ করবেন এমনটি কখনো হবে না। অথবা প্রকৃতপক্ষে যা থেকে দূরে থাকার সামর্থ্যই মানুষের ছিল না, সে ক্ষেত্রে তাতে জড়িত হয়ে পড়ার জন্য আল্লাহর কাছে তাকে জবাবদিহি করতে হবে না। প্রকৃতপক্ষে কোন্ কাজে মানুষের সামর্থ্য আছে এবং কোন্ কাজে মানুষের সামর্থ্য নেই তা আল্লাহ নির্ধারণ করবেন। অতঃপর তিনিই শাস্তি নির্ধারণ করবেন অথবা তাকে পুরস্কৃত করবেন।