hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৭৪

অধ্যায়- ১১ : কিয়ামতের দিন সঠিক বিচার হবে

সেদিন আল্লাহ সকলের মধ্যে ফায়সালা করবেন :

اِنَّ رَبَّكَ هُوَ يَفْصِلُ بَيْنَهُمْ يَوْمَ الْقِيَامَةِ فِيْمَا كَانُوْا فِيْهِ يَخْتَلِفُوْنَ

তারা যে বিষয়ে পরস্পরের মধ্যে দ্বিমত করত, অবশ্যই আপনার প্রতিপালক কিয়ামতের দিন সে বিষয়ে তাদের মধ্যে ফায়সালা করে দেবেন। (সূরা সাজদা- ২৫)

اِنَّ رَبَّكَ يَقْضِيْ بَيْنَهُمْ يَوْمَ الْقِيَامَةِ فِيْمَا كَانُوْا فِيْهِ يَخْتَلِفُوْنَ

তারা যে বিষয়ে পরস্পরের মধ্যে দ্বিমত করত, অবশ্যই আপনার প্রতিপালক কিয়ামতের দিন সে বিষয়ে তাদের মধ্যে ফায়সালা করে দেবেন। (সূরা জাসিয়া- ১৭)

ব্যাখ্যা : অত্র আয়াতে আল্লাহ তা‘আলা বিভিন্ন দলের মধ্যে মীমাংসা করে দেয়ার কথা বলেছেন, যা কিয়ামতের দিন সংঘটিত হবে। অর্থাৎ মানুষের বিভিন্ন দলের মধ্যে আল্লাহ সম্পর্কে যে মতবিরোধ ও বিবাদ রয়েছে, এ দুনিয়ায় তার কোন ফায়সালা হবে না। কিয়ামত পর্যন্ত তাদের মধ্যে বিরোধ লেগেই থাকবে। তার ফায়সালা হবে কিয়ামতের দিন। সেদিন হক বা বাতিলকে পৃথক করে দেয়া হবে; অতঃপর তাদের মধ্যে যারা সত্যপন্থী এবং যারা মিথ্যার আশ্রয় নিয়েছিল, তাদের মধ্যে চূড়ান্ত মীমাংসা করে দেয়া হবে।

কারো উপর যুলুম করা হবে না :

فَالْيَوْمَ لَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَّلَا تُجْزَوْنَ اِلَّا مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ

আজ কারো প্রতি কোন অবিচার করা হবে না এবং তোমাদেরকে কেবল তারই প্রতিফল প্রদান করা হবে, যা তোমরা করতে। (সূরা ইয়াসীন- ৫৪)

وَوُفِّيَتْ كُلُّ نَفْسٍ مَّا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُوْنَ

আর প্রত্যেকে যা করেছে তার পুরোপুরি প্রতিদান তাকে দেয়া হবে এবং তাদের উপর কোন অন্যায় করা হবে না। (সূরা আলে ইমরান- ২৫)

اَلْيَوْمَ تُجْزٰى كُلُّ نَفْسٍ ۢبِمَا كَسَبَتْؕ لَا ظُلْمَ الْيَوْمَؕ اِنَّ اللهَ سَرِيْعُ الْحِسَابِ

আজ প্রত্যেক ব্যক্তিকে তার কৃতকর্মের বিনিময় দিয়ে দেয়া হবে, আজ কারো প্রতি যুলুম করা হবে না। নিশ্চয় আল্লাহ দ্রুত হিসাব সম্পন্নকারী। (সূরা মু’মিন- ১৭)

ব্যাখ্যা : অর্থাৎ কোন ধরনের যুলুমই হবে না। প্রকাশ থাকে যে, প্রতিদানের ক্ষেত্রে যুলুমের কয়েকটি রূপ হতে পারে। (এক) প্রতিদানের অধিকারী ব্যক্তিকে প্রতিদান না দেয়া। (দুই) সে যতটা প্রতিদান লাভের উপযুক্ত হোক না কেন তাকে তার চেয়ে কম দেয়া। (তিন) শাস্তিযোগ্য না হলেও শাস্তি দেয়া। (চার) সে যে শাস্তির উপযুক্ত, তাকে তা না দেয়া। (পাঁচ) যে কম শাস্তির উপযুক্ত তাকে বেশি শাস্তি দেয়া। (ছয়) একজনের অপরাধে অন্যজনকে শাস্তি দেয়া। আল্লাহ তা‘আলার এ বাণীর উদ্দেশ্য হচ্ছে, তাঁর আদালতে এ ধরনের কোন যুলুমই হবে না।